শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬

সাইবার বুলিংয়ের মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক মাসুদ

হোম » গণমাধ্যম » সাইবার বুলিংয়ের মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক মাসুদ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

সাইবার বুলিংয়ের মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক মাসুদ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

নতুন সাইবার সুরক্ষা আইনে দায়ের করা সাইবার বুলিংয়ের মামলা থেকে খালাস পেয়েছেন মোংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক মাসুদ রানা ওরফে রেজা মাসুদ। একই সঙ্গে তাঁর জব্দ করা মোবাইল ফোন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আনিস মুন্সী উভয় পক্ষের উপস্থিতিতে মামলাটি নিষ্পত্তি করে তাঁকে খালাস দেন।

 

মাসুদ রানা বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক চিত্রগ্রাহক। বর্তমানে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তাঁর ভাই সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তারের দুই দিন পর জামিনে মুক্তি পান তিনি।

 

শুরু থেকেই স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সহকর্মীরা মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও সাজানো বলে দাবি করে আসছিলেন।

 

রেজা মাসুদের দাবি, মোংলা এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে তথ্য-প্রমাণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী লেখালেখি করেন তিনি। এর জের ধরে একটি কুচক্রী মহল বাদীকে দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে বলে দাবি করেন এই সাংবাদিক।

 

আদালতের রায়ের পর প্রতিক্রিয়ায় রেজা মাসুদ বলেন, ‘দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আমার সব সময় পূর্ণ আস্থা ছিল। সত্যের জয় আজ আবারও প্রমাণিত হলো। মামলাটি নিষ্পত্তি করে আদালত আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

বাংলাদেশ সময়: ১৯:২১:১১ ● ১৪ বার পঠিত