শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
কালকিনিতে নবজাতকের হাতে জন্মনিবন্ধন সনদ, উপহার ফলজ গাছের চারা
হোম » ঢাকা » কালকিনিতে নবজাতকের হাতে জন্মনিবন্ধন সনদ, উপহার ফলজ গাছের চারা
সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)
নবজাতকের জন্মনিবন্ধন সনদের সঙ্গে একটি করে ফলজ গাছের চারা উপহার দিচ্ছে মাদারীপুরের কালকিনি পৌর প্রশাসন। নবজাতকের পরিবারকে জন্মনিবন্ধনের পাশাপাশি পরিবেশের প্রতি যত্নশীল করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে কালকিনি পৌর প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার অর্থায়নে পৌরসভা এলাকায় জন্ম নেওয়া নবজাতকদের পরিবারের হাতে এসব চারা ও জন্মনিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবজাতকদের পরিবারের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
‘আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারাগাছ পৃথিবীর নতুন প্রাণ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বেপারী, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী এবং কালকিনি পৌরসভার জন্মনিবন্ধন রেজিস্ট্রার মোকাদ্দেস সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪২ ● ২০ বার পঠিত
