সন্ন্যাসী-কলারন ফেরিঘাট চালু হলে বরিশালের সঙ্গে যোগাযোগ সহজ হবে: এমপি আব্দুল আলীম

হোম » খুলনা » সন্ন্যাসী-কলারন ফেরিঘাট চালু হলে বরিশালের সঙ্গে যোগাযোগ সহজ হবে: এমপি আব্দুল আলীম
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


সন্ন্যাসী-কলারন ফেরিঘাট চালু হলে বরিশালের সঙ্গে যোগাযোগ সহজ হবে: এমপি আব্দুল আলীমসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাট এবং পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী লঞ্চঘাট পর্যন্ত সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। তিনি বলেছেন, এসব কাজ শেষ হলে বরিশাল বিভাগের সঙ্গে বাগেরহাটের যোগাযোগ সহজ হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যাতায়াতের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি মোংলা বন্দর ব্যবহারের সুবিধাও বাড়বে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নির্মাণকাজ পরিদর্শন শেষে আব্দুল আলীম বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার পানগুছি নদীর গুরুত্বপূর্ণ সন্ন্যাসী-কলারন ফেরিঘাটটি পতিত ঘোষণা করে রেখেছিল। বিএনপি-জামায়াত সরকারের আমলে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুফতি মাওলানা আব্দুস সত্তার সংসদ সদস্য থাকাকালে এই ঘাটে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল। এ কারণে উদ্দেশ্যমূলকভাবে ফেরি চলাচলের এই পথকে পতিত ঘোষণা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

 

সংসদ সদস্য বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর মাসুদ সাঈদী ও তিনি সংসদ সদস্য হওয়ার আগেই বিশিষ্টজনদের পরামর্শে স্থানীয় মানুষের দাবির ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় রাজনৈতিক নেতারাও এ বিষয়ে চেষ্টা করেছেন। প্রয়াত সেলিম মিয়াও উদ্যোগ নিয়েছিলেন। তবে এসব প্রচেষ্টায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় পরে তাঁরা হস্তক্ষেপ করেন। এর ফলে নির্মাণকাজ দৃশ্যমান হয়েছে বলে তিনি জানান।

 

আব্দুল আলীম বলেন, ‘এই কাজটি সম্পন্ন হলে বরিশাল বিভাগের সঙ্গে আমাদের বাগেরহাট জেলার যোগাযোগ সহজ হবে। এপার-ওপারের বন্ধন আরও দৃঢ় হবে। ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া ও যাতায়াতের সুবিধা বাড়বে। এই পথ দিয়ে সহজে মোংলা বন্দর ব্যবহারের সুযোগও তৈরি হবে। সব মিলিয়ে এই সড়কের মাধ্যমে জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।’

 

পরিদর্শনকালে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৫ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ