
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
ভারতে ‘বাংলাদেশের মতো নৈরাজ্য’ সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারে ক্ষমতার পরিবর্তন আনার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর অনুসারীরা। এমন অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। এ সময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার একটি কথিত মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন নেহা বোরা। খবর দ্য ইকোনমিক টাইমসের।
প্রদীপ ভান্ডারির অভিযোগ, নেহা বোরার ওই বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক একটি প্রতিবাদ মিছিলে তাঁর উপস্থিতি ভারতে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনার ইঙ্গিত দেয়। এর মাধ্যমে কংগ্রেস ও রাহুল গান্ধীর অনুসারীরা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় পরিবর্তন আনতে চান বলে দাবি করেন তিনি।
বিজেপির এ মুখপাত্রের ভাষ্য, এক সাক্ষাৎকারে নেহা বোরা বলেছেন, তিনি বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত এবং বাংলাদেশে যা ঘটেছে, তা ভারতেও হওয়া উচিত।
ভান্ডারি বলেন, ‘এগুলো নেহা বোরার কথা হলেও রাহুল গান্ধীরই মতামত।’
তিনি আরও অভিযোগ করেন, ভারতে বাংলাদেশের মতো জেন-জি আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে। এর মূল লক্ষ্য ক্ষমতার পরিবর্তন। তাঁর দাবি, এটি রাজনৈতিক প্রতিরোধ নয়; বরং নৈরাজ্যপূর্ণ মিছিল ও বিদ্রোহ। রাহুল গান্ধী গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর পরিবর্তে নৈরাজ্যকে বৈধতা দিতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি।
ভান্ডারির আরও দাবি, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় ফিরতে ব্যর্থ হয়ে রাহুল গান্ধী কথিত ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর পরিবারকে আবারও ক্ষমতায় আনতে চাইছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভারতের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপির এ নেতা।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কংগ্রেস বা নেহা বোরার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।