বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬

গৌরনদীতে পুরোহিতদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হোম » বরিশাল » গৌরনদীতে পুরোহিতদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে পুরোহিতদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

ধর্মীয় অনুশাসন, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুই দিনব্যাপী পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় গৌরনদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির মিলনায়তনে ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাপ্টিস্ট গৌরনদী ধর্মপল্লীর পুরোহিত রেভারেন্ড মাইকেল জেমস রায়। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।

 

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের পাল পুরোহিত সুখোরিও বৈরাগী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সিসিডিবি গৌরনদীর প্রকল্প কর্মকর্তা সুদীপন খিশা এবং ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লিটন গোমেজ।

 

বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে, অন্যায় থেকে বিরত থাকতে এবং অন্যের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনে শিক্ষা দেয়। নীতি-নৈতিকতা মানুষের বিবেক, মূল্যবোধ ও সৎ আচরণের ভিত্তি। সত্য বলা, অন্যের অধিকার রক্ষা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিকতার গুরুত্বপূর্ণ দিক।

 

তাঁরা বলেন, শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করলেই হবে না, দৈনন্দিন জীবনেও সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার চর্চা করতে হবে। সমাজ থেকে দুর্নীতি, হিংসা, অসহিষ্ণুতা ও অনৈতিকতা দূর করতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

 

বক্তারা আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করে সমাজ পরিবর্তনে পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতার সমন্বয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৮ ● ১৮ বার পঠিত