মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হোম » খুলনা » মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মোংলা সমন্বয়কারী মো. নুর আলম শেখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, প্রতিবছরের মতো এ বছরও দিবসটি পালন করা হচ্ছে। মোংলা অত্যন্ত দুর্যোগপ্রবণ এলাকা। এ অঞ্চলের মানুষকে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং নিরাপদে রক্ষার কৌশল প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪২:১৮ ● ১৬ বার পঠিত
