রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থী

হোম » খুলনা » চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থী
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থী

সাগরকন্যা প্রতিবেদক, চিতলমারী (বাগেরহাট)

 

বৈঠার ছন্দ, মাঝিমাল্লাদের সারি গান আর দর্শনার্থীদের করতালিতে মুখর হয়ে ওঠে বাগেরহাটের চিতলমারীর হকক্যানেল নদী। গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোর।

 

শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুণী এলাকায় হকক্যানেল নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচের ঐতিহ্য রক্ষায় বড়গুণী যুবসংঘ এ আয়োজন করে।

 

প্রতিযোগিতায় ঘোলা, দলুয়াগুণী ও বড়গুণী এলাকার নৌকাগুলো অংশ নেয়। দৃষ্টিনন্দন নৌকায় প্রতিযোগীদের ছন্দময় বৈঠা চালানো, মাঝিমাল্লাদের ঐতিহ্যবাহী বাইচ এবং সারি গান দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বিএনপি নেতা মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রতিযোগিতায় নৈপুণ্য দেখিয়ে প্রথম স্থান অধিকার করে ঘোলা এক্সপ্রেস এবং দ্বিতীয় স্থান অর্জন করে কলিগাতী এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১৯:২০:৪৮ ● ২৮ বার পঠিত