শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬

সবজি দিয়ে সাবুদানা খিচুড়ি তৈরির সহজ রেসিপি

হোম » লাইফস্টাইল » সবজি দিয়ে সাবুদানা খিচুড়ি তৈরির সহজ রেসিপি
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

সবজি দিয়ে সাবুদানা খিচুড়ি তৈরির সহজ রেসিপি

সাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক

 

সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে সবজি দিয়ে সাবুদানা খিচুড়ি হতে পারে দারুণ একটি পদ। সাবুদানার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি, জিরা, কাঁচা মরিচ ও লেবুর রস মিশিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবার। চলুন, জেনে নেওয়া যাক তৈরির পদ্ধতি।

 

উপকরণ

সাবুদানা ১ কাপ

ছোট কিউব করে কাটা বিভিন্ন ধরনের সবজি ১ কাপ

ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ

গোটা জিরা ১ চা-চামচ

আদাকুচি আধা চা-চামচ

কাঁচা মরিচকুচি ২-৩টি

কারিপাতা ১০-১২টি

লেবুর রস ১ টেবিল চামচ

ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ

চিনি আধা চা-চামচ

লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন


প্রথম ধাপ: সাবুদানা ভিজিয়ে নিন

 

অতিরিক্ত স্টার্চ দূর করতে সাবুদানা তিন-চারবার ভালো করে ধুয়ে নিন। এরপর চার-পাঁচ ঘণ্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সাবুদানা পানি শুষে ফুলে উঠলে এবং হাত দিয়ে চাপ দিলে নরম মনে হলে বুঝবেন, এটি রান্নার জন্য প্রস্তুত। খেয়াল রাখবেন, দানাগুলো যেন ঝরঝরে থাকে।

 

দ্বিতীয় ধাপ: সবজি ভেজে নিন

 

কড়াইয়ে ঘি বা সাদা তেল গরম করুন। এতে কেটে রাখা সবজি সামান্য লবণ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

 

তৃতীয় ধাপ: ফোড়ন দিন

 

একই কড়াইয়ের তেলে গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি দিয়ে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।


চতুর্থ ধাপ: সাবুদানা রান্না করুন

 

ভেজানো সাবুদানার সঙ্গে স্বাদমতো লবণ ও চিনি মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে হালকা হাতে অনবরত নাড়তে থাকুন, যাতে দানাগুলো একসঙ্গে লেগে না যায়।

 

দুই-তিন মিনিট নাড়ার পর সাবুদানার দানাগুলো কাচের মতো স্বচ্ছ হতে শুরু করলে কড়াই ঢেকে একেবারে কম আঁচে আরও দুই মিনিট দমে রাখুন।


পঞ্চম ধাপ: পরিবেশন করুন

 

ঢাকনা খুলে সাবুদানার ওপর লেবুর রস, কারিপাতা ও ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। সব উপকরণ হালকা হাতে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।

 

তৈরি হয়ে গেল সুস্বাদু সবজি সাবুদানা খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন পরিবারের সবাইকে।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫০ ● ২৪ বার পঠিত