শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
রূপময় বরিশাল
হোম » সর্বশেষ » রূপময় বরিশাল
![]()
নাদিম মাহমুদ
কীর্তনখোলার তটে তটে আজও সমীরণ কথা কয়,
পলির বুকেতে জমা হয়ে আছে শত জনমের ভয়!
এক কূল ভেঙে নদীটি যেমন অন্য কূলে জাগে,
ভালোবাসা আজও বেঁচে আছে রে পরম অনুরাগে।
বাকলা-চন্দ্রদ্বীপের ধামে জলকথা গান গায়,
স্মৃতির খেয়াটি নিভৃত বিরহে সুদূর অতীতে ধায়!
ধানের শিষের ডগায় ডগায় শিশিরবিন্দু হাসে,
আমড়া-পেয়ারার বনের গহনে মিষ্টি সুবাস ভাসে।
মেঘনার ওই রুপালি ইলিশ রূপের কিরণ ঢালে,
গৌরনদীর বিখ্যাত দই মিষ্টি স্বাদের হাটে!
ভাসমান হাটের ওই ডিঙাটি ভোরের আলোয় মেলে,
একলা মাঝি গায় রে ভাটিয়ালি প্রাণের আবেগ ঢেলে!
গুঠিয়া মসজিদের শুভ্র মিনারে শান্তির আলো ঝরে,
দুর্গাসাগরের অতল দীঘিতে মায়ার ছায়াটি পড়ে।
শেরেবাংলার বজ্রকণ্ঠ জাগায় মাটির প্রাণ,
বিজয় গুপ্ত, সুফিয়া কামালের অমর কাব্যগান।
জীবনানন্দের ধানসিঁড়ি তীরে শালিকেরা ডানা মেলে,
একাত্তরের রণে বীরদের রক্ত পলিতে গেছে গলে!
ইতিহাস আর প্রকৃতির এই অপূর্ব রসের মেলা,
পলির বুকেতে প্রেম ও বিরহে কাটে রূপসীর বেলা।
প্রকৃতির সাথে মাটির মানুষ বাঁধে যে সুরের তান,
মেঠো সরলতায় আজও আছে জেগে জনপদের প্রাণ।
গৌরব আর রূপসী বাংলার এই তো যথাস্থান-
ধান, নদী, খাল- এই তিনে বরিশাল।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৫ ● ২৭ বার পঠিত
