বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

হলিউডের সোনালী যুগের শেষ তারকাদের একজন ইভা মেরি সেইন্ট আর নেই

হোম » বিনোদন » হলিউডের সোনালী যুগের শেষ তারকাদের একজন ইভা মেরি সেইন্ট আর নেই
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

হলিউডের সোনালী যুগের শেষ তারকাদের একজন ইভা মেরি সেইন্ট আর নেই

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

হলিউডের সোনালী যুগের অন্যতম শেষ তারকা, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ইভা মেরি সেইন্ট আর নেই। ১০২ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে মারা গেছেন তিনি। মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিনিধি জেফ স্যান্ডারসন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

 

১৯৫৪ সালে এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইভা মেরি সেইন্টের। প্রথম সিনেমাতেই মার্লন ব্র্যান্ডোর বিপরীতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন তিনি।

 

অভিষেকেই অস্কার জয়ের পর হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ইভা। ১৯৫৯ সালে আলফ্রেড হিচককের বিখ্যাত স্পাই-থ্রিলার ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ ক্যারি গ্র্যান্টের বিপরীতে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।

 

এরপর ‘এক্সোডাস’, ‘অল ফল ডাউন’ ও ‘গ্র্যান্ড প্রিক্স’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেন ইভা মেরি সেইন্ট। পল নিউম্যান, ওয়ারেন বিটি ও গ্রেগরি পেকের মতো তারকার সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।

 

তবে ক্যারিয়ারের শীর্ষ সময়ে পরিবার ও সন্তানকে বেশি সময় দিতে অভিনয়ের গতি কমিয়ে দেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনি সিরিজে অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

 

২০০৬ সালে ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের পালক মা মার্থা কেন্ট চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিতি পান ইভা। ২০১৪ সালের ‘উইন্টার্স টেল’ ছিল তার শেষ দিকের চলচ্চিত্রগুলোর একটি।

 

১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সির নিউয়ার্কে জন্মগ্রহণ করেন ইভা মেরি সেইন্ট। শিক্ষকতা নিয়ে পড়াশোনা করলেও পরে থিয়েটারের প্রতি আকৃষ্ট হন তিনি। নিউইয়র্কের অ্যাক্টরস স্টুডিওতে অভিনয়ের প্রশিক্ষণ নেন।

 

ব্যক্তিজীবনেও দীর্ঘ দাম্পত্যের নজির রেখে গেছেন এই অভিনেত্রী। টেলিভিশন পরিচালক ও প্রযোজক জেফ্রি হেইডেনের সঙ্গে ১৯৫১ সালে তার বিয়ে হয়। ২০১৬ সালে হেইডেনের মৃত্যুর আগ পর্যন্ত তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয় ৬৫ বছর। তাদের দুই সন্তান রয়েছে।

 

দীর্ঘ সাত দশকের অভিনয়জীবনে অস্কারজয়ী অভিষেক, হিচককের কালজয়ী সিনেমা এবং অসংখ্য স্মরণীয় চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন ইভা মেরি সেইন্ট। তার মৃত্যুতে হলিউডের সোনালী যুগের অন্যতম উজ্জ্বল এক অধ্যায়ের অবসান হলো।

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৩ ● ২৯ বার পঠিত