বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
বরগুনায় চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার
হোম » বরগুনা » বরগুনায় চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মো. মন্টু মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. হেলাল হোসেন পাভেল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনা সদর উপজেলার উপকণ্ঠ লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাভেল দক্ষিণ লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেন দুলালের ছেলে।
মামলার অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, লাকুরতলা ব্রিজের উত্তর পাড়ে মন্টু মল্লিকের তিনটি দোকান রয়েছে। দোকান ভাড়া দেওয়ার জন্য পাভেল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মন্টুর ওপর ক্ষুব্ধ হন।
গত ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মন্টু মল্লিক দোকানের সামনে গেলে পাভেল আবারও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পাভেল জামার পেছন থেকে ধারালো ছেনা বের করে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে।
মন্টু মল্লিক বাম হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে তার হাতে গুরুতর জখম হয়। এরপর পাভেল আরও কয়েকটি কোপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মন্টু মল্লিকের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যার পর লাশ খাকদোন নদীতে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্যে পাভেল তার হাত ধরে নদীর পাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পাভেলের সঙ্গে আরও দুই-তিনজন যুবক ছিলেন। তার ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পাভেলসহ অন্যরা পালিয়ে যান।
পরে স্থানীয়রা মন্টু মল্লিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হন বলে জানা গেছে।
এ ঘটনায় ১ অক্টোবর বরগুনা থানায় অভিযোগ করেন মন্টু মল্লিক। পরে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, চাঁদাবাজি মামলায় অভিযুক্ত পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১:৫০:৪০ ● ২২ বার পঠিত
