বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনছে বিমান
হোম » জাতীয় » বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনছে বিমান![]()
সাগরকন্যা প্রতিবেদক,
বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে চারটি দীর্ঘপাল্লার এ৩৫০-৯০০ এবং ছয়টি আঞ্চলিক ও মাঝারি দূরত্বের এ৩২১নিও উড়োজাহাজ রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান।
চুক্তি অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরে বড় ধরনের বৈচিত্র্য আসবে। বর্তমানে সংস্থাটির জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি। এয়ারবাসের নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত হওয়ায় বিমান একই সঙ্গে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ পরিচালনা করবে।
এয়ারবাস কেনার উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছিল। পরে ওই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪১:৫৩ ● ১২ বার পঠিত
