বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় আবারও হাইস্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
হোম » শিক্ষা » কলাপাড়ায় আবারও হাইস্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একে একে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব উল্লাহ লিটন জানান, প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে এগিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে মোট ১০ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অষ্টম শ্রেণির তাইফা, দশম শ্রেণির জাকিয়া সুলতানা, অষ্টম শ্রেণির নুসরাত জাহান, সপ্তম শ্রেণির মারিয়া, দশম শ্রেণির মিম, সপ্তম শ্রেণির লাবিয়া, দশম শ্রেণির নুসরাত, দশম শ্রেণির সানজিদা ও অষ্টম শ্রেণির সাদিয়া।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা ‘মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’ রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।
এর আগে গত সপ্তাহে উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়েও একইভাবে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩৬ ● ২৪ বার পঠিত
