বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

দশমিনায় আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

হোম » কৃষি » দশমিনায় আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

দশমিনায় আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী 

 

পটুয়াখালীর দশমিনায় আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের আবাদি ও অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে আখ চাষ বেড়েছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই এ চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।

 

উপজেলার বাঁশবাড়িয়া, দশমিনা, বেতাগী-সানকিপুর, বহরমপুর, আলীপুরা, রণগোপালদী ও চরবোরহান ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাঠজুড়ে আখের সমারোহ দেখা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও প্রশিক্ষণের কারণে অনেক কৃষক বাণিজ্যিকভাবে আখ চাষে এগিয়ে এসেছেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় ১০০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এখানকার মাটি আখ চাষের জন্য উপযোগী। পাশাপাশি হাট-বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকেরা এ ফসল চাষে আরও আগ্রহী হয়ে উঠছেন।

 

কৃষকেরা জানান, সঠিক পরিচর্যার কারণে এবার আখের ফলন ভালো হয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে আখ বিক্রি করছেন তারা। আকারভেদে প্রতিটি আখ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন জাতের আখের মধ্যে ২০৮ জাতের আখ বেশি মিষ্টি হওয়ায় এর চাহিদাও বেশি।

 

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আখ দ্রুত বর্ধনশীল ও লাভজনক নগদ ফসল। সাথি ফসল হিসেবেও এটি চাষ করা যায়। ফলে একই জমি থেকে বাড়তি আয় করার সুযোগ থাকায় কৃষকেরা আখ চাষে আগ্রহী হচ্ছেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে কৃষকদের আখ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আখের আবাদ আরও বাড়লে দশমিনার কৃষকেরা বাড়তি আয়ের সুযোগ পাবেন এবং এ ফসল সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৩ ● ২৪ বার পঠিত