বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

হোম » পটুয়াখালী » পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত আলম জোমাদ্দার রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার বাসিন্দা মো. রতন জোমাদ্দারের ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলম জোমাদ্দার দীর্ঘদিন ধরে রণগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মোছা. খাদিজা বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। পরে সন্ধ্যার দিকে তিনি রণগোপালদী বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে যান। এরপর ঘরের মধ্যে ওই ট্যাবলেট খেয়ে মেঝেতে পড়ে থাকেন।

 

এ সময় স্ত্রী খাদিজা বেগম তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মৃতের ভাগিনা মো. জাকির হাওলাদার বলেন, আলম জোমাদ্দার তার খালু। মঙ্গলবার রাত ৯টার দিকে খালা খাদিজা বেগমের ডাক-চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে খালুকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় আলম জোমাদ্দার গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাকে দশমিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫২ ● ২৩ বার পঠিত