মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি
হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মুজিবুর রহমানকে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা ও নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলো তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর ০৫.১০.৭৯১৪.০০৭.২৩.০০৮.২৬-১০৩০-এর ওই আদেশে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসিবুল হাসান।
অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক এস.এম. মুজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা, নৈতিক স্খলন ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ২৪টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে তিনি লিখিত বক্তব্য দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন।
পরে ৪ অক্টোবর অনুষ্ঠিত শুনানিতে প্রধান শিক্ষক উপস্থিত হন। শুনানিতে দেওয়া তথ্য ও বক্তব্য পর্যালোচনার পর কর্তৃপক্ষ তার জবাব সন্তোষজনক নয় বলে উল্লেখ করে।
অফিস আদেশে বলা হয়, জবাব ও শুনানি সন্তোষজনক না হওয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ‘নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪’-এর ৫৩(৩) ও ৫৩(৪) ধারা অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই প্রবিধানমালার ৫৩(৭) ও ৫৪(১) ধারা অনুযায়ী তাকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনকে। কমিটির সদস্যরা হলেন আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী শেখ এবং ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আব্দুল আলিম আকন।
প্রবিধানমালার ৫৩(৫) ধারা অনুযায়ী, তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তের সময়ে প্রধান শিক্ষক অর্ধেক খোরপোষ ভাতা পাবেন। এ ছাড়া প্রবিধানমালার ৫৪(২) ধারা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৪ ● ২৫ বার পঠিত
