মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

কাউখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

কাউখালীতে গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮।

 

সোমবার রাতে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশাল এসআরবি-৮-এর একটি দল।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বাড়িতে একা বসবাস করতেন। ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ৪ অক্টোবর সকালের মধ্যে কোনো এক সময় প্রধান আসামি মানিক হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জন তার ঘরে প্রবেশ করে। পরে তারা জেসমিন বেগমকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা প্রধান আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৮ অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর ধারাবাহিকতায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি-৮ বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এসআরবির সহায়তায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৯ ● ৩২ বার পঠিত