মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

হোম » পটুয়াখালী » ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে হামলার অভিযোগে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার দেওয়ানকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুম বিল্লাহ সোহাগ দেওয়ান অভিযোগ করেন, গত ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি, রাসেল খলিফা ও রাজিব খলিফা গলাচিপা সরকারি কলেজের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আনোয়ার দেওয়ান, কামাল, মিজানুর, ইব্রাহিম, সেকান্দার দেওয়ানসহ আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন এবং লোহার রড দিয়ে হামলা চালান। এতে রাজিব খলিফার ডান হাতের হাড় ভেঙে যায় বলে দাবি করা হয়।

 

এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর মো. রাসেল খলিফা বাদী হয়ে আনোয়ার দেওয়ান (৩৭), কামাল দেওয়ান (৩৫), মিজানুর দেওয়ান (৩৮), ইব্রাহিম দেওয়ান (৩৪) ও সেকান্দার আলী দেওয়ানের (৫৫) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা করেন।

 

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাঁদের জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। স্থানীয় মৃত মালেক মৃধা, ইউনুচ মৃধা ও রওশানা বেগমের দলিলকৃত জমিও জোরপূর্বক দখলের অভিযোগ করা হয়। রওশানা বেগমের কবলা দলিলকৃত জমিতে থাকা একটি বসতঘর রাতের আঁধারে ভেঙে সেখানে অগভীর কূপ তৈরি করার অভিযোগও করা হয়।

 

এ ছাড়া গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিয়ন মো. মিজানুর স্থানীয় সেচকাজে ব্যবহৃত প্রবাহমান সরকারি খাস খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও বৃক্ষরোপণ করেছেন বলে অভিযোগ করেন তাঁরা। এতে কৃষিকাজ ব্যাহত হওয়া এবং বহু পরিবার পানিবন্দী হওয়ার দাবি করা হয়।

 

সংবাদ সম্মেলনে হামলার শিকার রাজিব খলিফা বলেন, ‘জমিজমা বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গলাচিপা সরকারি কলেজের সামনে আনোয়ার দেওয়ান তাঁর দলবল নিয়ে রড দিয়ে পিটিয়ে আমার হাত ভেঙে দিয়েছে। প্রশাসনের কাছে আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

 

ভুক্তভোগী পিয়ারা বেগম অভিযোগ করে বলেন, ‘গত সরকারের আমলে আনোয়ার ক্ষমতার দাপট দেখিয়ে আমার দলিলকৃত রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল করে নেয়। আমি আপনাদের মাধ্যমে আনোয়ারের সঠিক বিচার চাই।’

 

অভিযোগের বিষয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার দেওয়ানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

এ বিষয়ে গলাচিপা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লিয়াকত আলী বলেন, ‘কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।’

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার দেওয়ানকে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫১ ● ২৬ বার পঠিত