মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

অল্প বয়সে কোটি টাকা আয় করে পথ হারান নোবেল

হোম » বিনোদন » অল্প বয়সে কোটি টাকা আয় করে পথ হারান নোবেল
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

অল্প বয়সে কোটি টাকা আয় করে পথ হারান নোবেল

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

সংগীতজীবনের শুরুতেই জনপ্রিয়তার পাশাপাশি বিপুল অর্থ আয় করেছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ২০১৯ সালে ‘সারেগামাপা’য় অংশ নেওয়ার পর মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করতেন বলে জানিয়েছেন তিনি। অল্প বয়সে পাওয়া সেই অর্থ ও জনপ্রিয়তা সামলে উঠতে পারেননি বলেও স্বীকার করেছেন এই শিল্পী।

 

নোবেলের সংগীতজীবনের শুরু অবশ্য আরও আগে। ছোটবেলায় বাবার আনা ক্যাসেট শুনে আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের গান গাইতেন। ২০১৬ সালে গানকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। গড়ে তোলেন ব্যান্ড এবং শুরু করেন নিয়মিত অনুশীলন। তবে কোনো ওস্তাদের কাছে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখেননি তিনি।

 

২০১৯ সালে ‘সারেগামাপা’য় তৃতীয় হন নোবেল। এরপর মৌলিক গান ও চলচ্চিত্রের গানেও কাজ করেন। তবে গানের বাইরের নানা কর্মকাণ্ডে জড়িয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হন তিনি।

 

সেই সময়ের কথা বলতে গিয়ে নোবেল বলেন, ‘আমি “সারেগামাপা”য় যখন জনপ্রিয়তা পাই, দুহাতে টাকা আসতে থাকে। মাসে এমনও হয়েছে, ৪০-৫০, এমনকি ৬০ লাখও পেতাম। অল্প বয়সী আমি, তখন মাত্র ২৪-২৫ বছর। এত টাকা আমাকে অস্থির করে তোলে। নিজেকে ধরে রাখতে পারিনি। বেখেয়ালি জীবনে জড়িয়ে পড়ি। টাকা আমার মাথা খারাপ করে তোলে।’

 

নোবেলের ভাষ্য, একসময় তাঁর ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। তিনি বলেন, ‘এমন সময় ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে…।’

 

তবে এখন সেই জীবন থেকে দূরে থাকার দাবি করেছেন নোবেল। তাঁর ভাষ্য, গত ১০ মাসে জীবনে পরিবর্তন এসেছে। ছেলের জন্মের পর থেকেই এই পরিবর্তনের শুরু।

 

এখন গান ও ছেলেকে ঘিরেই তাঁর ব্যস্ততা। নোবেল বলেন, ‘এখন আমি ওসব থেকে একেবারে দূরে। বলতে পারেন, এখন ছেলেই আমার আসল পিনিক। ওকে নিয়ে আমার সময় কেটে যায়। কী দারুণ সব গান হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৫ ● ২৮ বার পঠিত