মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

বোরহানউদ্দিনে মাইক্রোবাসে তুলে যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

হোম » ভোলা » বোরহানউদ্দিনে মাইক্রোবাসে তুলে যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

বোরহানউদ্দিনে মাইক্রোবাসে তুলে যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আহত রাজিব উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে।

 

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন লোক রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে যায়। সেখানে তার চোখ উপড়ে ফেলা এবং হাত-পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠেছে।

 

রাত আনুমানিক ২টার দিকে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় গুরুতর আহত রাজিবকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় পাঠান।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আস্রাব আলী বলেন, ‘রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

তবে কী কারণে রাজিবের ওপর হামলা চালানো হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৯ ● ২৪ বার পঠিত