মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, আহত ৪ বছরের ছেলে
হোম » পিরোজপুর » নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, আহত ৪ বছরের ছেলে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
বাবার সঙ্গেই কাজে বের হয়েছিল চার বছরের নাঈম। কাজ শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু কাঠবোঝাই ভ্যান উল্টে সেই কাঠের নিচেই চাপা পড়ে প্রাণ হারালেন বাবা মো. বশির (৫০)। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছোট্ট নাঈম।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী মো. মাসুদ বলেন, দুর্ঘটনাস্থলের পাশে তাঁর দোকান। হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনে বাইরে এসে তিনি দেখেন, স্টিলব্রিজের কাছে খালের পাড়ে ব্যবসায়ীদের রাখা গোলকাঠের ওপর কাঠবোঝাই একটি ভ্যান উল্টে পড়ে আছে। ভ্যানচালক বশির কাঠের নিচে চাপা পড়ে ছিলেন। পাশে পড়ে ছিল শিশুটি।
পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় বশির ও নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বশিরের স্ত্রী ছোট সন্তানকে রেখে অন্যত্র চলে গেছেন। বাড়িতে নাঈমকে দেখাশোনার মতো কেউ না থাকায় বশির নিয়মিত ছেলেকে সঙ্গে নিয়েই কাজে বের হতেন। তিনি সোহাগদল উপজেলার বছরাকাঠি এলাকার একটি কাঠের দোকান থেকে ভ্যানগাড়িতে কাঠ পরিবহনের কাজ করতেন।
ঘটনার দিন বশির ভ্যানগাড়িতে চেরাই কাঠ বোঝাই করে হাজীরপুর হয়ে অন্যত্র যাচ্ছিলেন। স্টিলব্রিজের উঁচু অংশে ওঠার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পাড়ে রাখা গোলকাঠের ওপর উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা কাঠের নিচে চাপা পড়ে বশির ও তাঁর ছেলে গুরুতর আহত হন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বশিরের মেয়ে সুবর্ণা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আহত নাঈম আমার ছোট ভাই, আর যিনি মারা গেছেন তিনি আমার বাবা। আমাদের মা নেই। তাই বাবা নিয়মিত ছোট ভাইকে সঙ্গে নিয়েই কাজে বের হতেন।’
নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফা সিদ্দিকা বলেন, ‘হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। তাঁর ছেলেকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৯ ● ৩৬ বার পঠিত
