মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান-রামদাসহ ৩ জন গ্রেপ্তার
হোম » ভোলা » চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান-রামদাসহ ৩ জন গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান, রামদা ও ধারালো ছুরিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শশীভূষণ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল সড়কসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে খোকন চাকলাদারের বসতবাড়ির একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে খোকন, মাকসুদ ও তাহেরকে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকার ও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন পালিয়ে যান।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে একটি পাইপগান, রামদা ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১১:৪৮ ● ২৫ বার পঠিত
