মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
হোম » পিরোজপুর » পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
‘আমার মা আমার প্রথম শিক্ষক’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ইউপিইটিসির ইন্সট্রাক্টর রনু আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মোল্যা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চণ্ডীচরণ পাল।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলী আসফিয়া বলেন, ‘আজ আমরা ১৫০ মাকে সম্মাননা দিচ্ছি। শিক্ষক দিবসে আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। তারা যেন প্রথম শিক্ষক হিসেবে মাকে সম্মান করে এবং একইসঙ্গে শিক্ষাগুরুকেও সম্মান জানায় - সেই বার্তাই আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
তিনি বলেন, এর আগে ছোট পরিসরে এ ধরনের আয়োজন করা হলেও এবারই বড় পরিসরে মায়েদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ে এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, ‘এটি অসাধারণ একটি আয়োজন। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে উদ্যোগ নিয়েছেন, এটি সারা দেশের জন্যও একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমার মা আমার প্রথম শিক্ষক’ - এই বার্তাটি শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মায়েদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করা হচ্ছে। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ উদ্যোগ পিরোজপুর জেলার অন্যান্য বিদ্যালয়েও ছড়িয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী সভাগুলোতে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে আমরা এই আয়োজন দেখে অভিভূত হয়েছি। এটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ।’ সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সংবর্ধিত মায়েদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এমন উদ্যোগের জন্য মায়েরা সাধুবাদ জানান।
উল্লেখ্য, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আগেও আদর্শ মা ও শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন ব্যতিক্রমী ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২২:০৫ ● ২১ বার পঠিত
