মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার, বাস জব্দ
হোম » খুলনা » মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার, বাস জব্দ
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুর সদরের বৈকুণ্ঠপুর এলাকার ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), রংপুরের কোতোয়ালি এলাকার বেলুবালারহাটের জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং রংপুর সদরের বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।
এসআরবি-৬ (খুলনা) এর উপপরিচালক সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৩ ● ২৫ বার পঠিত
