সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
দশমিনায় ফুটবল খেলার মাঠেই স্কুলশিক্ষার্থীর মৃত্যু
হোম » পটুয়াখালী » দশমিনায় ফুটবল খেলার মাঠেই স্কুলশিক্ষার্থীর মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে মো. আনজুম (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আনজুম দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুম আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। সোমবার বিকেলে সহপাঠীদের সঙ্গে কলেজ সড়কসংলগ্ন মাঠে ফুটবল খেলছিল সে। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায়। খবর পেয়ে তার মা ঘটনাস্থলে এসে তাকে পানি পান করান এবং মাথায় পানি দেন। পরে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠী সাইদের ভাষ্য, ‘আনজুম ও আমি একই শ্রেণিতে পড়াশোনা করি। তার অ্যাজমার সমস্যা ছিল। আজ বিকেলে কলেজের পাশের মাঠে আমরা ফুটবল খেলছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আমি তার মাকে ফোনে খবর দিলে তিনি এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।’
নিহতের বাবা মো. আরিফুর রহমান জানান, তিনি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করেন। চাকরির কারণে স্ত্রী-সন্তান নিয়ে দশমিনার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার ছেলে আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। সোমবার বিকেলে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং আনজুমকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পরে আনজুমের মরদেহ দশমিনার সবুজবাগ এলাকার ভাড়া বাসায় নেওয়া হয়। তার মরদেহ রাঙ্গাবালীর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বাবা।
বাংলাদেশ সময়: ২১:৩৫:৪৫ ● ৩১ বার পঠিত
