শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
মনপুরায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা
হোম » ভোলা » মনপুরায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শরিফ কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কাজীরচর এলাকার বাসিন্দা। হামলায় গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য একইদিন শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে তাকে ঢাকায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজের মহিষ দেখভালের জন্য কাজীরচর এলাকায় যান শরিফ। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে লাঠিসোঁটা দিয়ে তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন এবং হাত-পা ভেঙে যায়।
আহত ইউপি সদস্য মো. শরিফ বলেন, ‘কাজীরচর ঘাটসংলগ্ন এলাকায় নিজের মহিষ দেখভালের জন্য গেলে পেছন থেকে কয়েকজন হামলা করে আমার হাত-পা ভেঙে দেয়। হামলাকারীদের মধ্যে তিনজনকে আমি চিনেছি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:০৯:১০ ● ৩০ বার পঠিত
