শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে সেবা নিয়ে ক্ষোভ
হোম » বরগুনা » বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে সেবা নিয়ে ক্ষোভ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
চার বছরের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোজিনা। তার অভিযোগ, চিকিৎসক নিয়মিত রোগী দেখেন না, দিনে একবার এসে চলে যান। একই অভিযোগ আয়শা আক্তারেরও। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার স্বামী আনোয়ারের ডেঙ্গু শনাক্ত হয়েছে এক দিন পর। তিনিও বলছেন, চিকিৎসকের দেখা মেলে দিনে মাত্র একবার।
বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কিছুদিন রোগীর সংখ্যা কম থাকার পর বর্তমানে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ও জ্বর নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।
শনিবার (৩ অক্টোবর) সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ও জ্বর নিয়ে ৯০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের অভিযোগ, ২৪ ঘণ্টায় চিকিৎসক মাত্র একবার রোগী দেখতে আসেন। এরপর চিকিৎসাসেবার জন্য মূলত নার্সদের ওপরই নির্ভর করতে হয়। এতে প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ ও সেবা পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
রোজিনা সাগরকন্যাকে বলেন, ‘আমার চার বছরের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। ডাক্তার ঠিকমতো দেখেন না। দিনে একবার আসেন।’
আয়শা আক্তার বলেন, ‘আমার স্বামী আনোয়ার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এক দিন পর পরীক্ষা করানোর পর জানতে পারি ডেঙ্গু হয়েছে। দিনে ডাক্তার একবার আসেন। মশারি দিয়ে রাখা হয়েছে, স্যালাইন দেওয়া হচ্ছে। এর বাইরে কী হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না।’
ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক বেশি থাকায় বরগুনা শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপের দিক থেকে আলোচনায় রয়েছে। কিছুদিন পরিস্থিতির উন্নতি হলেও বর্তমানে আবারও হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে বরগুনা ডেঙ্গুর হটস্পট হিসেবে হাসপাতালে ব্যাপক ডেঙ্গু রোগীর চাপ রয়েছে। সবাইকে সচেতন থাকার বিকল্প নেই।’
বাংলাদেশ সময়: ১৪:৩১:১১ ● ৩০ বার পঠিত
