শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রশিদের মৃত্যু
হোম » মুক্তিযুদ্ধ » বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রশিদের মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবদুর রশিদ মিয়া (৭৭) মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুর রশিদ মিয়ার স্থায়ী বাড়ি বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি বরগুনা শহরের আমতলার পাড় এলাকায় বসবাস করছিলেন। তাঁর ছেলে আইনজীবী আমিরুল ইসলাম মিলন জানান, তাঁর বাবা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
শোকবার্তায় গোলাম সরোয়ার টুকু বলেন, ‘আবদুর রশিদ মিয়া ছিলেন শ্রদ্ধাভাজন সহযোদ্ধা ও প্রিয় মানুষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মতো একজন বীর মুক্তিযোদ্ধা ও সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা মানুষের মধ্যে আবদুর রশিদ মিয়াও ছিলেন। তাঁর মৃত্যুতে একজন মুক্তিযোদ্ধার পাশাপাশি সাহসী অভিভাবকতুল্য একজন মানুষকে হারিয়েছেন তাঁরা। বরগুনার মানুষ তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা শোক জানিয়ে বলেন, ‘আবদুর রশিদ মিয়া আমার বন্ধু ছিলেন। আমরা একসঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। একজন সহযোদ্ধা ও প্রিয় বন্ধুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
কানাডায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা ও বরগুনার সাবেক মেয়র মো. শাহজাহান মিয়াও তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া বরগুনার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মো. কামরুল আহসান মহারাজ, সাবেক মেয়র ও বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, বরগুনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ালি উল্লাহ অলিসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি আবদুস শাকুরও।
শনিবার (৩ অক্টোবর) যেকোনো সময় বরগুনায় আবদুর রশিদ মিয়ার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার পরিবার জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫২:১০ ● ৩৯ বার পঠিত
