শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার কলাপাড়া এতিমখানা এলাকার বাসিন্দা এবং মৃত এন্তাজ মাস্টারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনোয়ারের বসতঘরের পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে ছিল। বিষয়টি জানিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুপুরে আনোয়ার ঘর পরিষ্কার করার সময় টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩১ ● ৪১ বার পঠিত
