বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
হোম » পটুয়াখালী » গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবীণ নাগরিকদের সামাজিক মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবারের সদস্য ও সমাজের অন্যদের সঙ্গে প্রবীণদের সুন্দর ও সম্মানজনক জীবনযাপনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। তিনি প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখা প্রবীণদের জীবনের শেষ পর্যায় যেন নিরাপদ, স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রবীণদের একাকিত্ব দূর করা, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে মানুষের শারীরিক ও সামাজিক বিভিন্ন ধরনের চাহিদা তৈরি হয়। তাই প্রবীণদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানবিক ও সহায়ক পরিবেশ তৈরি করা গেলে প্রবীণরা জীবনের এই পর্যায়েও আত্মমর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম সাইউম। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ২১:৫৮:৩২ ● ২৩ বার পঠিত
