বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬

বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

হোম » বরগুনা » বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিনিধি, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় যৌতুকের দাবি পূরণ না করায় স্ত্রীকে মারধরের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আসামি করে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী নারী। আদালত মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন।

 

মামলার আসামিরা হলেন পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান (৩৮) ও তার মা মোসা. রেনু বেগম (৫৫)।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালে জিয়াউর রহমানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি যৌতুক হিসেবে পাথরঘাটা শহরে তিন শতাংশ জমি কিনে বাড়ি করে দেওয়ার দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি তিনি তার পরিবারকে জানালে তারা ওই দাবি পূরণে অপারগতা প্রকাশ করেন।

 

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জিয়াউর রহমান ও তার মা রেনু বেগম ভুক্তভোগীর বাবার বাড়িতে আসেন। দুপুরে খাবারের পর বিকেল ৩টার দিকে তারা আবারও যৌতুক দাবি করেন। এতে ভুক্তভোগী অপারগতার কথা জানালে জিয়াউর রহমান উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় রেনু বেগমও তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

একপর্যায়ে জিয়াউর রহমান আরও উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। তার চিৎকার শুনে বাবা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার স্বামী ও শাশুড়ি তাকে হত্যার চেষ্টা করেছেন। তাকে ও তার তিন বছরের শিশুকে রেখে তারা চলে যান। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

 

মামলার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জিয়াউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:৪০:২৪ ● ৩৩ বার পঠিত