বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬

নিখোঁজের ১৩ দিনেও সন্ধান নেই বাউফলের ব্যবসায়ী সমীরের

হোম » পটুয়াখালী » নিখোঁজের ১৩ দিনেও সন্ধান নেই বাউফলের ব্যবসায়ী সমীরের
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


 

নিখোঁজের ১৩ দিনেও সন্ধান নেই বাউফলের ব্যবসায়ী সমীরের

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী সমীর বণিক নিখোঁজ হওয়ার ১৩ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠার পরদিন পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প্রযুক্তিগত সহায়তায় ফোনটির সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় শনাক্ত হলেও এরপর আর কোনো লোকেশন পাওয়া যায়নি।

 

সমীর বণিক বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি ও বগা বন্দরের ব্যবসায়ী। তার সন্ধান চেয়ে ২৩ সেপ্টেম্বর বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ভাই সঞ্জিব বণিক।

 

পরিবার সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সমীর। ২০ সেপ্টেম্বর ভোরে তিনি ভাই সঞ্জিব বণিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং ঢাকায় পৌঁছানোর কথা জানান। একই দিন বিকেলেও পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

সঞ্জিব বণিক বলেন, ‘২০ সেপ্টেম্বর বিকেলে ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়েছে। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। পরে প্রযুক্তিগত সহায়তায় তার মোবাইলের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় পাওয়া যায়। এরপর আর কোনো লোকেশন শনাক্ত করা সম্ভব হয়নি।’

 

তিনি বলেন, ‘ভাই ঢাকায় থাকার কথা জানানোর পর তার মোবাইলের লোকেশন সাতক্ষীরায় দেখানোয় আমরা উদ্বিগ্ন। তিনি এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন, কিছুই জানতে পারছি না।’

 

এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর বাউফল থানায় জিডি করেন সঞ্জিব। এরপর সমীরের অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১২ ● ২৫ বার পঠিত