বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
গলাচিপায় সাজাপ্রাপ্ত আসামির আইনশৃঙ্খলা সভায় উপস্থিতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
হোম » আইন-আদালত » গলাচিপায় সাজাপ্রাপ্ত আসামির আইনশৃঙ্খলা সভায় উপস্থিতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় আদালতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত দেখা যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।
গত সোমবার উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত ভবনের চতুর্থ তলার হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, সেক্রেটারি ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাদ্দাম রেনু আক্তারও উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সি আর মামলা নম্বর ৪৭৯/১৭-এ জারি হওয়া ওয়ারেন্টের একটি কপি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নথিতে আদালতে হাজির করার নির্দেশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষর রয়েছে। নথি অনুযায়ী, ওই মামলায় তার এক বছরের সাজা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। প্রতিদিন থানায় অনেক ওয়ারেন্ট থাকে, সবগুলোর তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না। তার নামে ওয়ারেন্ট আছে কি না, সেটি যাচাই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সভাটির আয়োজক উপজেলা প্রশাসন। সেখানে কারা উপস্থিত থাকবে, সেটি তাদের বিষয়।’
তবে রেনু আক্তারের দাবি, তিনি ওই মামলায় গত মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। জামিনসংক্রান্ত নথি বা আইনজীবীর নাম জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘তিনি কমিটির সদস্য নন, উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে সভায় এসেছিলেন। আর সাজা বা ওয়ারেন্টের বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, আদালতের নথিতে সাজা ও গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ থাকার পরও ওই ব্যক্তি কীভাবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হলেন। একই সঙ্গে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ সময়: ১৪:২৬:৪০ ● ২৭ বার পঠিত
