বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে মাদক বিক্রির প্রতিবাদ, দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

হোম » পটুয়াখালী » বাউফলে মাদক বিক্রির প্রতিবাদ, দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

বাউফলে মাদক বিক্রির প্রতিবাদ, দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রির প্রতিবাদ করায় দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকার ৩১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন সিফাত হোসেন ও নাজমুল হাসান। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মমিনপুর বাজার ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছেন। এর প্রতিবাদ করায় সিফাত ও নাজমুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় কয়েকজন কিশোর-যুবক তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ।

 

আহত সিফাত ও নাজমুলের অভিযোগ, হামলাকারীদের কাছে ধারালো ছুরি ও বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ছিল। এ ঘটনায় ওমর গাজীসহ কয়েকজন জড়িত বলে তারা দাবি করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওমর গাজী। তিনি বলেন, সিনিয়রদের সম্মান দেওয়া নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তারাই প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তারাও পাল্টা আঘাত করেছেন। তবে ছুরিকাঘাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদোয়ান রিফাত বলেন, আহত দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঘটনাটি তারা শুনেছেন। একজন আহত হওয়ার খবর পেয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তারা তথ্য সংগ্রহ করছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:২২:৫০ ● ২৪ বার পঠিত