বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুবাই-তেল আবিবগামী বিমানে দুই পাইলটের হাতাহাতি, ছুরিকাঘাতের পর জরুরি অবতরণ
হোম » বিশ্ব » দুবাই-তেল আবিবগামী বিমানে দুই পাইলটের হাতাহাতি, ছুরিকাঘাতের পর জরুরি অবতরণ
![]()
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একপর্যায়ে এক পাইলট অপর পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় মাত্র দুই মিনিটে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে গেলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
বিমানটি সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যাত্রীদের একজনের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, পাইলটদের মধ্যে সংঘর্ষের সময় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। পরিস্থিতি দেখে সামনের সারির যাত্রীরা হামলাকারী পাইলটকে নিবৃত করে ককপিট থেকে বের করে আনেন।
ওই যাত্রী বলেন, বিমানের পেছনে থাকা দুজন পাইলটকে তিনি দ্রুত ককপিটে গিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চিৎকার করে বলেন। পরে তারা বিমানের নিয়ন্ত্রণ নেন এবং তাবুকে জরুরি অবতরণ করেন।
ছুরিকাঘাতে আহত পাইলটের শার্ট রক্তে ভিজে যায়। বিমানে থাকা এক দন্ত চিকিৎসক তাকে জরুরি চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধে সহায়তা করেন বলেও ওই যাত্রী জানান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটদের মধ্যে হাতাহাতির সময় বিমানটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠায়। সাধারণত বিমান ছিনতাইসহ গুরুতর জরুরি পরিস্থিতিতে এ সংকেত ব্যবহার করা হয়।
সংকেত পাওয়ার পর বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, বিমানটি ছিনতাই হয়নি।
পরিস্থিতির কারণে গতিপথ পরিবর্তন করে বিমানটি সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিএনএনের প্রতিবেদনে তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব যাত্রী নিরাপদে আছেন।
বাংলাদেশ সময়: ১৬:৩২:১৪ ● ২৫ বার পঠিত
