মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

হোম » খুলনা » কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন খুলনার কয়রা উপজেলার উপকূলীয় এলাকার মানুষ। এ সংকটের টেকসই সমাধান ও নিরাপদ পানি ব্যবহারে জনসচেতনতা বাড়াতে কয়রায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কোয়িকার অর্থায়নে এবং জেজেএসের ইআরসিসি-২ প্রকল্পের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

 

সভায় নিরাপদ পানির সংকটের কারণ, সংকট মোকাবিলায় করণীয় এবং স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

 

জেজেএস ইআরসিসি-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বিআরডিবির মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী, ইউপি সদস্য শেখ সেরাজুল ইসলাম ও বিভূতি বিশ্বাস, মিতা মণ্ডল, মৎস্য অফিসের সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুর রহমান ও মোছা. নুসরাত জাহান এবং প্রকল্পের উপকারভোগী নাছিমা খাতুন ও সালমা আক্তার।

 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় কয়রায় লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট তৈরি হচ্ছে। এ সংকট মোকাবিলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারে স্থানীয় জনগণকে আরও সচেতন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:২১ ● ১৯ বার পঠিত