মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধে তরুণদের সঙ্গে মতবিনিময়

হোম » বরগুনা » বরগুনায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধে তরুণদের সঙ্গে মতবিনিময়
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধে তরুণদের সঙ্গে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক থেকে তরুণদের দূরে রাখা এবং ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধে বরগুনা সরকারি কলেজে তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সভা হয়।

 

‘মাদক থেকে দূরে থাকুন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সচেতন হউন’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সেলিনা আকতার। প্রধান অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যাপক মো. আহসান হাবিব।

 

প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি তরুণদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎকে বিপন্ন করে। অন্যদিকে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারে সাইবার অপরাধ, হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার ঝুঁকি বাড়ছে। তাই প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি এর অপব্যবহার সম্পর্কে তরুণদের সতর্ক থাকতে হবে।

 

পুলিশ সুপার বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু আইন প্রয়োগের বিষয় নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

সভায় সাইবার অপরাধ প্রতিরোধ, তথ্যপ্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, মাদকের ক্ষতিকর প্রভাব এবং নারী ও কন্যাশিশুর সুরক্ষায় তরুণদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

 

বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক গৌরী মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা বেগম, জেলা শাখার সহসভাপতি বেবী দাস ও ডা. মনিজা জলি, সংগঠন সম্পাদক ফেরদৌসী বেগম মহুয়া এবং প্রচার প্রকাশনা সম্পাদক কাজী সেলিনা হোসেন। সভায় বরগুনা সরকারি কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ-তরুণী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০৪ ● ২৮ বার পঠিত