সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

সহকারী শিক্ষক স্বামীর প্রতি ভালোবাসার অনন্য নজির প্রধান শিক্ষক স্ত্রীর

হোম » বরিশাল » সহকারী শিক্ষক স্বামীর প্রতি ভালোবাসার অনন্য নজির প্রধান শিক্ষক স্ত্রীর
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীর শিক্ষক দম্পতি সুদাম পাল ও মন্দিরা রানী পাল।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিক্ষক দম্পতি চিকিৎসার জন্য ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছেছেন।

 

গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার বাসিন্দা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্ত্রী, গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তাঁরা। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাঁদের চিকিৎসাসংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরুর কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে সুদাম পালের কিডনি প্রতিস্থাপন করা হবে।

 

জানা গেছে, ২০০৩ সালে সহকারী শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন সুদাম পাল। ২০০৪ সালে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের শিক্ষক মণীন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন তিনি। বিয়ের পরই মন্দিরা রানী পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়ছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন শিক্ষক সুদাম পাল। প্রথমে বাংলাদেশে এবং পরে ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অভিজ্ঞ চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এরপর বিভিন্ন স্থানে কিডনিদাতা খোঁজা শুরু হয়। কোথাও দাতা না পাওয়ায় একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সম্মতি জানান মন্দিরা রানী পাল।

 

এ জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব প্রক্রিয়া শেষে রোববার সকালে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশে বাংলাদেশ ছাড়েন শিক্ষক দম্পতি।

 

এদিকে তাঁদের এই উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মন্দিরা রানী পালের মানবিক সিদ্ধান্তের প্রশংসা করে শিক্ষক দম্পতির সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে চিকিৎসা সফল হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ২০:০৩:৩১ ● ২২ বার পঠিত