রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময়

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময়
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের সুরক্ষা, গুজব-অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর বিষয়ে আলোচনা হয়।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও যুগ্ম মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সঞ্জয় কুমার গুপ্ত।

 

সুকন্ঠ ঘটকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক ফারুক আকন, উপজেলা ইসকন মন্দিরের সভাপতি সুকুমার মজুমদার, ব্যবসায়ী দিলীপ কর্মকার, অনিমেষ হালদার ও খোকন চৌধুরীসহ অনেকে।

 

বক্তারা বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ ছাড়া পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলার ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

 

সভায় আরও জানানো হয়, বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়ে কাগজপত্রবিহীন ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং মোটরসাইকেলে তিনজন আরোহী পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সভায় বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২০:৫০ ● ১৯ বার পঠিত