রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬

১৫ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সবাইকে জীবিত উদ্ধার

হোম » জেলে-মৎস্য » ১৫ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সবাইকে জীবিত উদ্ধার
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

১৫ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সবাইকে জীবিত উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে দুর্ঘটনার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ১৫ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ডুবে যাওয়া ট্রলারটি।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে বলে দাবি জেলেদের।

 

ডুবে যাওয়া এফ.বি মায়ের দোয়া-৬ ট্রলারের মাঝি মুছা জানান, সকালে মাছ ধরার জন্য আলীপুর বন্দর থেকে সাগরের উদ্দেশ্যে রওনা হন তারা। কিছুদূর যাওয়ার পর উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারের তলা ফেটে যায়। এরপর দ্রুত ট্রলারের ভেতরে পানি ঢুকতে শুরু করলে সেটি ডুবে যেতে থাকে।

 

মুছা বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা সাগরে ভেসে ছিলেন। একপর্যায়ে কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলারের লোকজন তাদের দেখতে পান। পরে ওই ট্রলারের সহায়তায় ১৫ জেলেকেই উদ্ধার করা হয়।

 

ডুবে যাওয়া ট্রলারটির মালিক আলীপুরের মিজানুর রহমান বলেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। এখন ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি। এটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৩১:১৫ ● ২৩ বার পঠিত