শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাউফল প্রেসক্লাবে সাংসদ ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

হোম » গণমাধ্যম » বাউফল প্রেসক্লাবে সাংসদ ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


 

বাউফল প্রেসক্লাবে সাংসদ ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালীর বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা দিয়েছে বাউফল প্রেসক্লাব। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বাউফল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অতুল পাল ও খোকন কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

 

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকেরা বাউফলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

 

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল, মো. দেলোয়ার হোসেন, এবিএম মিজানুর রহমানসহ সাংবাদিকেরা।

 

বক্তারা বলেন, স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে।

 

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে বাউফল প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৭ ● ১৯ বার পঠিত