বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তির আনন্দে কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব
হোম » শিক্ষা » বৃত্তির আনন্দে কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
হাতে ক্রেস্ট, গলায় ফুলের মালা। মুখে আনন্দের ঝিলিক। প্রিয় শিক্ষকদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে কখনো হাসছে, কখনো সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিশুরা। পাশে দাঁড়িয়ে সন্তানদের এই অর্জনে গর্বিত মা-বাবারাও। বৈরী আবহাওয়ার মধ্যেও এমন আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উৎসবমুখর হয়ে ওঠে ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মা সমাবেশ, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নওরীন বুশরা, নাবিকা আক্তার, রুদ্র মিস্ত্রী, তাহসিন, মো. সাইফ হাওলাদার ও মিমি মজুমদারকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
শুধু বৃত্তিপ্রাপ্তদের নয়, বিদ্যালয়ের প্রায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যেও শিক্ষা উপকরণ, ফুল, মিষ্টি ও খাবার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্যও ছিল বিশেষ আনন্দ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান। এ ছাড়া কমলিকান্দর নবীনচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র হালদার, প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর ও লিটন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন মৌলভী আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। শিক্ষানুরাগী কামরুল ইসলাম এর আগেও বিভিন্ন সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করেছেন।
মা সমাবেশে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনায় মনোযোগী করা, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং মানসিক বিকাশে পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার প্রত্যয় ব্যক্ত করে। তাদের এই সাফল্যে শিক্ষক ও অভিভাবকেরাও আনন্দ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা বলেন, শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ, পুতুল নাচ এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন আয়োজন ছিল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দ ও উৎসবের মিলনমেলা।
বাংলাদেশ সময়: ২১:২৮:০১ ● ৪৩ বার পঠিত
