বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ৫
হোম » বরগুনা » পাথরঘাটায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ৫
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
রাতের আঁধারে বিষখালী নদীতে চলছিল মাছ ধরার ট্রলার। সন্দেহ হওয়ায় সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। ট্রলারে মেলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি। পরে সড়কে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে কোস্টগার্ড। পরে সড়কে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
কোস্টগার্ডের হিসাবে, জব্দ করা ভারতীয় পণ্যগুলোর আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। এর মধ্যে রয়েছে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি। কোস্টগার্ডের দাবি, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
অভিযানে পণ্যবাহী ট্রলার ও কাভার্ড ভ্যান জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া গ্রামের মানিক সরদারের ছেলে সোহাগ সরদার (৩২), মহিপুর থানার পশ্চিম খাজুরা গ্রামের মোহাম্মদ আলম মোল্লার ছেলে মনজুর মোল্লা (৩২), রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামের নাসির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (৩৮), কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন গাজীর ছেলে রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানকালি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৫)।
কোস্টগার্ড জানায়, জব্দ করা পণ্য, ট্রলার ও কাভার্ড ভ্যানসহ আটক পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩১:১৪ ● ২৪ বার পঠিত
