বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬

সপরিবারে হত্যার হুমকি নাজিরপুরে প্রধান শিক্ষককে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

হোম » লিড নিউজ » সপরিবারে হত্যার হুমকি নাজিরপুরে প্রধান শিক্ষককে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের নাজিরপুরে কিশোর কুমার হালদার নামে এক প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ওই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

থানায় করা জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি নম্বর থেকে ফোন করে ওই শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যে টাকা পরিশোধ না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

 

কিশোর কুমার হালদার বলেন, ‘প্রথমে ফোন করে বলা হয়, পুড়িয়ে মারার জন্য নাজিরপুর থেকে তোমাকেসহ তোমার পরিবারকে নির্বাচন করেছি। এ থেকে রক্ষা পেতে আগামী শুক্রবারের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। ওই দিনের মধ্যে টাকা না দিলে সপরিবারে পুড়িয়ে মারা হবে।’

 

তিনি বলেন, ‘হুমকির পর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া আমার একমাত্র মেয়ে সুপ্তি হালদার মিকিকে (৯) নিয়ে রাতে অন্যের বাড়িতে ছিলাম। এর আগে গত বছর আমার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায় ঘাতকেরা।’

 

এদিকে, হুমকিদাতা হিসেবে যে মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ফোন করে ওই প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। হুমকিদাতার সন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:০০ ● ২৮ বার পঠিত