বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
কালাবদর-তেঁতুলিয়ায় রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
হোম » বরিশাল » কালাবদর-তেঁতুলিয়ায় রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালাবদর ও তেঁতুলিয়া নদীতে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীর ভাঙনকবলিত এলাকা থেকে বালু উত্তোলন করে আসছে।
সরেজমিনে বুধবার দুপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী খালের মুখ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের সীমান্ত পর্যন্ত কালাবদর ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে রাতে ড্রেজার ও বলগেট বসানো হয়। পরে এসব নৌযানের মাধ্যমে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সবুজ মাঝি বলেন, দীর্ঘদিন ধরে তালতলী খালের মুখ থেকে ভাষানচর ইউনিয়নের সীমান্ত পর্যন্ত নদীতে রাতে একের পর এক বলগেট বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। রাত ৮টা থেকে শুরু করে ভোর পর্যন্ত এ কার্যক্রম চলে।
স্থানীয়দের অভিযোগ, একদিকে নদীভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ছেন, অন্যদিকে ভাঙনকবলিত এলাকাতেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন তারা।
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বক্তব্য জানতে বরিশাল জেলা প্রশাসকের সরকারি নম্বর এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৫৯ ● ৩০ বার পঠিত
