বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারী ও শিশু নির্যাতনের অভিযোগ কলাপাড়া উপজেলা বিএনপির সম্পাদককে শোকজ

হোম » রাজনীতি » নারী ও শিশু নির্যাতনের অভিযোগ কলাপাড়া উপজেলা বিএনপির সম্পাদককে শোকজ
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়া উপজেলা বিএনপির সম্পাদককে শোকজ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

 

বুধবার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় ওঠা অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগটি নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে গুরুতর ও অনভিপ্রেত। এ ঘটনায় অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

জেলা বিএনপির শোকজের পর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকার নৈতিক যোগ্যতা তিনি হারিয়েছেন। দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে ওই পদে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

 

এর আগে প্রকাশ্য আদালতে মামলার শুনানি চলাকালে বিচারকের সামনে প্রতিপক্ষের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে এবং বিএনপি সভাপতির ব্যক্তিগত চেম্বারে দুই পক্ষের সালিশ চলাকালে বিএনপি সভাপতির সামনেই অ্যাডভোকেট আবুল বাশারকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে চুন্নুর বিরুদ্ধে। এসব ঘটনা নিয়েও এলাকায় আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৮ ● ২৭ বার পঠিত