মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় মৎস্যজীবীদের খাসজমি ও জলমহাল ইজারা নিয়ে আলোচনা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মৎস্যজীবীদের খাসজমি ও জলমহাল ইজারা নিয়ে আলোচনা
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় মৎস্যজীবীদের খাসজমি ও জলমহাল ইজারা নিয়ে আলোচনা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিহীন মৎস্যজীবীদের খাসজমি বন্দোবস্ত এবং মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন।

 

ফিশনেট প্রকল্পটি উত্তরণের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

 

সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। উপস্থিত ছিলেন মৎস্যজীবী নেটওয়ার্কের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা ভূমি কমিটির সভাপতি সাবের হোসেনসহ কলাপাড়া উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্কের অন্যান্য সদস্য।

 

সভায় মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের প্রতিনিধি সফিকুল ইসলাম ভূমিহীন মৎস্যজীবীদের কৃষি খাসজমি বন্দোবস্ত এবং মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, ভূমিহীন মৎস্যজীবীদের বসবাসের স্থান বিবেচনায় নিয়ে আশপাশের খাসজমি বরাদ্দ দেওয়া হলে তারা সেখানে বসবাস ও জীবিকা নির্বাহে বেশি আগ্রহী হবেন। দূরবর্তী স্থানে খাসজমি বরাদ্দ দেওয়া হলে অনেকেই সেখানে যেতে আগ্রহী নাও হতে পারেন।

 

তিনি আরও বলেন, মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার সুযোগ সৃষ্টি হলে বিধি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি রেণু আহরণকারীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগের প্রশংসা করে তিনি এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

 

সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান।

 

সভাটি আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্প, উত্তরণের মনিটরিং অফিসার মো. আনোয়ার হোসেন এবং এরিয়া ম্যানেজার মো. আবু এমরান।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৪ ● ২৫ বার পঠিত