মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
হোম » ভোলা » বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের খাল থেকে ইসমাঈল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোকন হাওলাদার (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত ইসমাঈল বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবরের ছেলে। শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত রবিবার সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলতে বের হয় ইসমাঈল। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয়রা বাড়ির পাশের খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুটির চাচি নুর নাহার (৪০) অভিযোগ করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাঈলের বাবা ও রোকনের মধ্যে বিরোধ হয়। এ সময় রোকন ইসমাঈলের বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’
তবে পরিবারের করা এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি বলেন, শিশুটির মৃত্যুর কারণ, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৮ ● ২২ বার পঠিত
