মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
নাজিরপুরে ব্র্যাকের উদ্যোগে সামাজিক ও আইনি সচেতনতা সভা
হোম » পিরোজপুর » নাজিরপুরে ব্র্যাকের উদ্যোগে সামাজিক ও আইনি সচেতনতা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
সামাজিক ক্ষমতায়ন, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গিলাতলা এলাকায় ব্র্যাকের সামাজিক রূপান্তর ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ‘সহমর্মিতার বীজ বুনি’ (পর্ব-১) শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। এতে স্বপ্ন সারথি দলের কিশোর-কিশোরীদের সামাজিক সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা ও আইনি অধিকার বিষয়ে সচেতন করা হয়।
সেশনে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং প্রত্যেককে যোগ্য সম্মান দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। কিশোর-কিশোরীরা যেন একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ায় এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে, সে বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পিরোজপুর জেলা ব্যবস্থাপক নিত্যানন্দ শীল। তিনি বলেন, ‘অর্থের অভাবে অনেক কিশোরী লেখাপড়া চালিয়ে যেতে পারে না। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা নিয়মিত লেখাপড়া করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।’
তিনি আরও বলেন, পৃথিবীতে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মানুষ বসবাস করে। মানুষের পেশা ও কর্মক্ষেত্রে ভিন্নতা থাকলেও সবাই একে অন্যের ওপর নির্ভরশীল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়েই সমাজ সুন্দর হয়ে ওঠে।
বক্তারা বলেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা জরুরি। সমাজের কোনো মানুষ যেন অন্যায়, বৈষম্য বা অধিকারবঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সমাজ থেকে অবিচার ও বৈষম্য দূর করতে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে হবে না। মানুষের চিন্তাভাবনা ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সভায় আইনি অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন যথাযথভাবে প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির নাজিরপুর অফিসার শাকিলা আরজু, সিও দোলা শিকদার, শিক্ষক মো. নিয়ামতুল্লাহ, সমাজসেবক মো. জহুরুল ইসলাম, আইনজীবী মো. মোখলেছুর রহমান এবং প্রশাসনিক প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম।
অতিথিরা সামাজিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।
বাংলাদেশ সময়: ১৩:২০:২০ ● ২৫ বার পঠিত
