রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় উন্নয়ন প্রকল্পের কাজে গতি ও মান নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের
হোম » বরগুনা » বরগুনায় উন্নয়ন প্রকল্পের কাজে গতি ও মান নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা এবং গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। এজন্য প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা কাম্য নয়।
তিনি বলেন, কোনো প্রকল্প বাস্তবায়নে সমস্যা বা প্রতিবন্ধকতা দেখা দিলে তা ফেলে রাখা যাবে না। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তা সমাধান করতে হবে।
উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের তদারকি জোরদারের নির্দেশ দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি দপ্তরকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নিয়মিত তদারকির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, বিলম্ব ও কাজের মানের ঘাটতি রোধ করতে হবে।
মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, চিফ হুইপের প্রতিনিধি মো. রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশ্রাফুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি সোহেল হাফিজ।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৩০ ● ২৩ বার পঠিত
